গত জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল ছাড়েন ইয়ূর্গেন ক্লপ। সে সময়ই তিনি জানিয়েছিলেন কোচিংয়ের সঙ্গে নতুন করে এখনই যুক্ত হচ্ছেন না। সেই কথাও রেখেছেন জার্মান কোচ। এবার তিনি ভিন্ন ভাবে ফিরছেন ফুটবলে। রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে দায়িত্ব নিয়েছেন ৫৭ বর্ষী ক্লপ।
প্রতিষ্ঠানটির অধীনে জার্মানির আরবি লাইপজিগ, আরবি শালজবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলসসহ বেশ কয়েকটি ক্লাব ও প্রতিষ্ঠান রয়েছে। যাদের সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবেন সাবেক এই লিভারপুল কোচ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ক্লপ দায়িত্ব নেবেন বলে আনুষ্ঠানিক বিবৃতিতে রেড বুল কর্তৃপক্ষ জানিয়েছে।
নতুন ভূমিকায় ফুটবলে ফেরার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ক্লপ বলেছেন, ‘প্রায় ২৫ বছর ডাগআউটে থাকার পর এরকম একটি প্রকল্পে সম্পৃক্ত হয়ে খুবই রোমাঞ্চিত আমি। ভূমিকায় হয়ত বদলেছে, কিন্তু ফুটবল এবং এর সঙ্গে সম্পৃক্ত মানুষদের প্রতি আমার আবেগে একইরকম আছে।’
২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচের দায়িত্ব নিয়ে হারানো গৌরব পুনরুদ্ধার করেন ক্লপ। পারফরম্যান্সের উন্নতিতে সাড়ে আট বছরে জার্মান কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ সব শিরোপাই জিতেছে অ্যানফিল্ডের ক্লাবটি। ৩০ বছরের মধ্যে প্রথমবার লিগ শিরোপা ঘরে তোলে তারা ২০১৯-২০ মৌসুমে। সব মিলিয়ে ক্লপের কোচিংয়ে সাতটি বড় শিরোপা জেতে লিভারপুল।







