আন্তর্জাতিক

আগামী সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক

আগামী সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক

ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে তিন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে যুদ্ধের অবসান, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন ও মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, উত্তেজনা কমানো, মানবিক পদক্ষেপ এবং সংঘাতের অবসানের বিষয়গুলো গুরুত্ব পাবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আবুধাবির বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করবেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। দুই সপ্তাহ আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠকে নতুন করে ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে এটি ওয়াশিংটনের নতুন উদ্যোগ।

এদিকে, আবুধাবির বৈঠকের আগে চলতি সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রতিনিধিরা। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হবে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। শীত মৌসুম শুরুর আগেই সংঘাত নিরসনে অগ্রগতি অর্জন করতে চায় ওয়াশিংটন।

তবে সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে এখনো দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এর মধ্যেই সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের ওপর চাপ বাড়িয়ে চলেছেন ট্রাম্প।

বিষয়:ইউক্রেন-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…