মেসির পর কী হবে আর্জেন্টিনার, স্কালোনি বললেন…

অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। আগেই অবসরের ঘোষণা দিলেও এখন বিদায়ী ম্যাচে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ লিওনেল স্কালোনি। কেমন হতে পারে মেসি পরবর্তী আর্জেন্টিনা, কতটুক মিস করবেন কিংবদন্তিকে, এসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন।
আর্জেন্টিনা জার্সিতে ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ার লিওনেল মেসির। ২০৮তম ম্যাচ খেলে বিদায় জানাচ্ছেন। শেষ ম্যাচে বুধবার নামবেন বাংলাদেশ সময় ভোর ৫টায়, বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে, বেনিনের বিপক্ষে।
ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘মেসি এমনকিছু রেখে যাচ্ছেন, যার কোন তুলনা হয় না। আমাদের খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তার উপস্থিতি এক অনন্য অনুভূতি। ফুটবল মাঠে তিনি যা করেন, তা অন্যকাউকে করতে দেখিনি, এবং এটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’
ডিয়েগো ম্যারাডোনার পর ৩৬ বছর অপেক্ষা করেছে আর্জেন্টিনা, আরেকটি বিশ্বকাপ শিরোপার জন্য। মেসির হাত ধরে ২০২২ সালে পূরণ হয়েছে চক্র। এখন প্রশ্ন, মেসির পরে আবারও আর্জেন্টিনাকে দীর্ঘ অপেক্ষা করতে হবে? মেসি ছাড়া ভবিষ্যতের আর্জেন্টিনা কেমন হবে? স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনা দল টিকে থাকবে। আমরা উচ্চ পর্যায়েই থাকব, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।’
‘তিনি আর থাকবেন না বলে এখন শুধু স্মৃতিকাতরতাই রয়ে গেছে। তিনি এক অসাধারণ দৃষ্টান্ত। সবার আগে আসতেন, সবার শেষে যেতেন, যেভাবে নিজের যত্ন নিতেন, যেভাবে প্রতিটি ম্যাচের মুখোমুখি হতেন।’




