ফুটবল

ছোট ছেলেটার আক্ষেপ, সেখান থেকে মেসির সাথে বিশ্বকাপ জেতা- স্বপ্নপূরণের গল্প এনজোর

মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা আনন্দে ভাসছেন, মেসি ও সতীর্থরা ট্রফি হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিওনেল মেসি, শেষ করলেন আর্জেন্টিনার হয়ে সোনালী অধ্যায়। বিশ্বকাপ, কোপা, পরপর ফাইনাল, একটা দলকে একটা দেশকে নতুন করে আশার আলো দেখিয়েছেন এ কিংবদন্তি। অবসরের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই সতীর্থরা তাকে নিয়ে বিদায়ী বার্তা দিচ্ছেন। এরমধ্যে কিছুটা ব্যতিক্রম এনজো ফের্নান্দেজের পোস্ট। ছোট থেকে মেসির সঙ্গে খেলার স্বপ্ন এবং তার সাথে বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণের কথা লিখেছেন তিনি।

সোমবার রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। ২০১৬ সালে আর্জেন্টিনার হয়ে কোপার ফাইনালে হারার পর একবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সেসময় এনজোর বয়স ছিল ১৫ বছর। তবে আবারও মেসিকে জাতীয় দলে খেলার জন্য অনুরোধ করা হলে তিনি ফিরে আসেন। এরপর একে একে দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, এবং দুটি কোপা আমেরিকা। যেখানে এলএমটেনের সতীর্থ ছিলেন সেই ছোট ছেলেটাই, যে এনজোর বয়স এখন ২৫। সেসব স্মৃতিকথা তুলে ধরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্টে এনজো লিখেছেন, ‘লিও, আপনি যখন জাতীয় দল ছাড়ার কথা বলেছিলেন (২০১৬ সালে), আমার খুব খারাপ লেগেছিল। তখন ছোট ছিলাম, আর আপনার বয়সের সাথে আমার বয়সের তুলনা করতাম। এই ভেবে যে একদিন হয়তো আপনার সাথে খেলার সুযোগ পাব। শুনতে বোকার মতো লাগলেও, সত্যিই এটা করতাম। ভাবতাম আপনার আর কত বছর বাকি আছে। প্রথম বিভাগে পৌঁছাতে আমার আরও কত বছর লাগবে, আর স্বপ্ন দেখতাম যে, অন্তত একবারের জন্য হলেও, আমরা একসাথে আর্জেন্টিনার জার্সি পরতে পারব।’

‘ভাগ্যক্রমে, আপনি ফিরে এলেন। আর জীবনটা সেই ছোট ছেলেটার কল্পনার চেয়েও অনেকবেশি সুন্দর হয়ে উঠল। আমি শুধু আপনার সাথে খেলার সুযোগই পাইনি। আমরা একসাথে ট্রেনিং ক্যাম্প, ড্রেসিংরুম, কথাবার্তা, আলিঙ্গন, কঠিন মুহূর্ত, অবিশ্বাস্য মুহূর্তগুলো ভাগ করে নিয়েছি। আর শেষ পর্যন্ত আমরা একসাথে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’

‘কিন্তু আমি আসার মুহূর্ত থেকে আপনি আমার সাথে যেভাবে মিশেছেন, তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আমার আদর্শের সাথে একই মাঠে খেলার উত্তেজনা নিয়ে এসেছিলাম। কিন্তু তার বদলে এমন একজনকে পেলাম যিনি প্রথম মুহূর্ত থেকেই আমাকে দলের একজন বলে মনে করিয়ে দিয়েছিলেন। যখনই আমার প্রয়োজন হতো, আপনার কাছে সবসময় কিছু বলার, কিছু পরামর্শ নেয়ার, একটু আলিঙ্গনের, বা আমাকে শান্ত করার, কোন না কোন উপায় থাকত আমার কাছে।’

‘আমি এটা কখনও ভুলব না। আজ, আপনাকে ছাড়া পরবর্তী ট্রেনিং ক্যাম্পের কথা কল্পনা করা আমার জন্য কঠিন। মাঠে হেঁটে গিয়ে আপনাকে সামনে, ১০ নম্বর জার্সি পরা অবস্থায় দেখতে না পাওয়া। এতগুলো বছর আপনাকে সেখানে দেখার পর, অন্য কোনভাবে এটা কল্পনা করা অসম্ভব মনে হয়। আমি কী ভাগ্যবান ছিলাম, লিও। সেই ছেলেটা কী ভাগ্যবান ছিল, যে সময়মতো কাজটা শেষ করতে পারবে কিনা, তা না জেনেই সে বয়েসের হিসাবগুলো করত। আমার সাথে যেভাবে মিশেছেন, আমাকে যা কিছু শিখিয়েছেন, এবং আপনার গল্পের একটি অংশ আমাকে ভাগ করে নেয়ার সুযোগ করে দিয়েছেন, সেসব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে খুব মিস করব, ক্যাপ্টেন।’

বিষয়:আর্জেন্টিনা এনজো ফের্নান্দেজ লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…