ওই জুটিটাই তাহলে বাংলাদেশকে ছিটকে দেয়ার কারণ
আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ভরসার দুই নাম ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর। ৪১ বর্ষী আরভিন এবং ৪০ বর্ষী টেলরের গড়া দেড়শ রানের জুটিই বাংলাদেশকে পুড়িয়েছে। এমন মনে করছেন ম্যাচে দুর্দান্তভাবে শুরু করা পেসার তাসকিন আহমেদ। আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে শুরুটা ভালো হয়নি টিম টাইগার্সের, ম্যাচ হেরেছে ৯৯ রানে।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে। বড় সংগ্রহের পিছে ছিলেন দুই অভিজ্ঞ আরভিন ও টেলর, গড়েন ১৭৬ বলে ১৫০ রানের জুটি। টেলরে ১০১ বলে ৮১ এবং আরভিন ১০৬ বলে ৯৩ রান করেন। জবাবে ৩৩.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তাসকিন।
শুরুতে ২৪ রানে জিম্বাবুয়ের প্রথম ৩ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন। এরপর ঘুরে দাঁড়ায় আফ্রিকার দেশটি। পরে তাসকিন বলেছেন, ‘আসলে ম্যাচ হারলে সেটাই সব থেকে বড় দুঃখজনক একটা খেলোয়াড় বা দলের জন্য। মানে যতই তিন উইকেট বা পাঁচ উইকেট পাই, ম্যাচ না জিতলে কখনোই সেটা লাভ হয় না।’
‘শুরুটা খুব দারুণ হয়েছিল। এটাও ঠিক যে পিচটা বেশ ভালো ব্যাটিংয়ের জন্য। কিন্তু, তাদের মাঝখানে যে বড় একটা জুটি হল, সেটা আসলে অনেক। শুরুর ব্রেক থ্রু’র পর মাঝখানে আসলে একটু লম্বা জুটি হয়ে যাওয়ায় ওরা অনেকটা এগিয়ে যায়। জুটিটা ভাঙার পর আমার মনে হয়েছিল একটা ভালো স্কোরে আটকানো সম্ভব হবে। কিন্তু দুর্ভাগ্য, পরে আর জেতা হল না।’
বাংলাদেশের কাছে এখনও একজন বোলারের ঘাটতি আছে, এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘সেটা একটা কারণ। দেখেন না, কী দুর্ভাগ্য, মিরাজের জ্বর, সে খেলে নাই। ও আমাদের ওয়ানডের অন্যতম সেরা একজন খেলোয়াড়। কিন্তু বাকিরাও যারা খেলেছেন, তারাও কিন্তু যথেষ্ট যোগ্য। আজকে আর হয় নাই। এই পিচটা দেখেছিলেন কয়দিন আগে, আফগানিস্তানের সাথে টেস্টও ড্র হয়েছে, পঞ্চম দিন পর্যন্ত অনেক লম্বা সময় খেলা হয়েছিল।’
‘এই পিচটা আসলে রান হওয়ার মতোই, জুটি চাইলেই করা যেত। তারা সেটা করেও দেখিয়েছে। তারা আমাদের ভালো বলগুলা খুব দারুণভাবে সামলেছে। কারণ ওরকম একটা শুরুর পর দারুণভাবে সামলেছে তারা। সেখান থেকে ১০০ রানের বেশি জুটি করছে। জিম্বাবুয়ে আসলে দেখিয়েছে ভালো পিচে যতই চাপ থাক, জুটি করলে যেকোনো দলের একটা ভালো স্কোর করা সম্ভব।’
আবুধাবিতে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে নামবে বাংলাদেশ।




