ফুটবল

পাঁচ হলুদ কার্ডেও কেন নিষেধাজ্ঞায় পড়লেন না মেসি

পাঁচ হলুদ কার্ডেও কেন নিষেধাজ্ঞায় পড়লেন না মেসি

সোমবার নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নামবে ইন্টার মিয়ামি। ম্যাচের আগে নিউ ইংল্যান্ড প্রায় ধরেই নিয়েছিল লিগে ৫টি হলুদ কার্ড দেখার কারণে লিওনেল মেসির মুখোমুখি হতে হচ্ছে না। তবে আশা নিভে গেছে তাদের। কারণ পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞা কেটে গেছে মেসির।

সাধারণত মেজর লিগে পাঁচটি হলুদ কার্ড দেখলে ১ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন একজন খেলোয়াড়। সবশেষ বৃহস্পতিবার সকালে সিনসিনাটির বিপক্ষে ৪২তম মিনিটে মেসি মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখেন। কিন্তু তার নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। কারণ, লিগে সদাচরণ সংক্রান্ত একটি নিয়ম। যা হলুদ কার্ড জমে থাকা নিয়ম নামে পরিচিত।

মেসির হলুদ কার্ডের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ীয় কোন খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচে হলুদ কার্ড না দেখলে জমা হওয়া হলুদ কার্ডের একটি বাদ হিসেবে গণ্য করা হয়। সেই নিয়মে বেঁচে গেছেন মেসি। চতুর্থ এবং পঞ্চম কার্ডের মাঝে টানা বেশ কিছু ম্যাচে কোন কার্ড দেখেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। মাঠে শৃঙ্খলাপূর্ণ আচরণের কারণে কার্ডের হিসাব থেকে তাই একটি কার্ড কমে গেছে।

প্রতিটি ফুটবল লিগেই হলুদ কার্ডের একটি নির্দিষ্ট সীমা থাকে। যা অতিক্রম করলে খেলোয়াড়কে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। যদিও পুরো মৌসুমে একটিও লাল কার্ড না দেখে খেলা সম্ভব। লিগ কর্তৃপক্ষ চায় না যে খেলোয়াড়রা ঘনঘন কার্ড দেখুক। ঠিক এ কারণেই মূলত হলুদ কার্ড জমার নিয়মটি রাখা হয়েছে।

বিষয়:আর্জেন্টিনা ইন্টার মিয়াম মেজর লিগ সকার লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…