শেষবার আর্জেন্টিনার অনুশীলনে কেমন দেখা গেল মেসিকে

আরও এক নক্ষত্রের জাতীয় দলে পথচলা শেষবিন্দুতে। অবসরের ঘোষণা দিয়ে লিওনেল মেসির বাকি শুধু বিদায়ী ম্যাচে নামা। বুধবার ভোরে বেনিনের বিপক্ষে খেলে আকাশী-নীল জার্সি তুলে রাখবেন এলএমটেন। ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে সতীর্থদের সঙ্গে শেষের অনুশীলন সেরেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন মেসি। আর্জেন্টিনার হয়ে অনুশীলনে শেষকিছু মুহূর্ত কাটান। মেসির নিজের, দলের, কোচের এবং সমর্থকদের জন্য আবেগপ্রবণ মুহূর্তে। বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে শুধু মেসিকে ঘিরে কথা আলবিসেলেস্তে দলে। মাঠে ঘাম ঝরানোর পর দলের সাথে তার অনুশীলন সেশন শেষ হয়েছে ঐতিহ্যবাহী ‘আসাদো’ তথা দলীয় বারবিকিউ ভোজের মধ্য দিয়ে।
দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়ে জানিয়েছেন, অধিনায়ককে শেষ ম্যাচটি খেলার আমন্ত্রণ জানিয়েছেন যাতে আর্জেন্টিনার মাটিতে ৮৫ হাজার দর্শকের সামনে বিদায়ী সংবর্ধনাটি পেতে পারেন।
স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে শুক্রবার সকালে জন্মশহর রোজারিওতে পৌঁছান মহাতারকা। আর্জেন্টিনা জার্সিতে ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচে নামবেন বুধবার ভোরে। বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা।






