বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তিতে রাজি হয়েছেন রবার্ট লেভান্ডোভস্কি। ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমন দাবি করেছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকারকে নিয়ে।
রোমানোর মতে, এই চুক্তির প্রক্রিয়া কয়েকমাস ধরে চলছে এবং বার্সা-বায়ার্নের ভেতর দলবদলের বিষয়ে চুক্তি সম্পন্ন করাটাই কেবল বাকি আছে।
টুইটারে রোমানো লিখেছেন, রবার্ট লেভান্ডোভস্কির মানসিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিন বছরের চুক্তিতে মাস খানেক আগে ব্যক্তিগত শর্তে সম্মত হওয়ার পরেও তিনি বার্সেলোনাকে পরবর্তী ক্লাব হিসেবে নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত অন্যকোনো ক্লাবের সঙ্গে আলোচনা হয়নি। বার্সেলোনা এফসি বায়ার্নের সাথে শিগগিরই যোগাযোগ করবে।
বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে বর্তমান চুক্তির একবছর বাকি আছে লেভান্ডোভস্কির। কিন্তু এই গ্রীষ্মেই জার্মানি ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন।
বর্তমানে মায়োর্কায় অবকাশযাপন করছেন লেভান্ডোভস্কি। বার্সায় যোগ না দিলে ১২ জুলাই তাকে বায়ার্নের ডেরায় ফিরে আসতে হবে। পোলিশ তারকা নির্ধারিত সময়ে বাভারিয়ানদের সঙ্গে যোগ না দিলে শাস্তির মুখে পড়বেন।
গণমাধ্যমে আইনজীবী আন্দ্রেজ ডালিঙ্গার জানিয়েছেন, এক্ষেত্রে লেভান্ডোভস্কিকে ১.৮ থেকে ৩.৬ মিলিয়ন ইউরো জরিমানা করা হতে পারে। আরেকটি বিকল্প হতে পারে, তাকে ডাগআউটে বসিয়ে রাখা। যদিও সেই সম্ভাবনা খুবই কম।







