ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের দুইয়ে থাকা আর্সেনাল এবং তলানির দিকের লেস্টার সিটির খেলা জমেছিল। কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা দেখে অবশ্য বোঝা যাচ্ছিল না রেলিগেশনের শঙ্কায় থাকা লেস্টারের সাথে খেলছে টপফর্মের মিকেল আর্তেতার শিষ্যরা। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। জয় তুলতে নিদারুণ কষ্টই করতে হয়েছে আর্সেনালকে।
কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধে গানারদের ঠেকিয়ে দিয়েছিল রুদ ফন নিস্টলরয়ের শিষ্যরা। উল্টো শেষের দিকে গানারদের মনে কিছুটা ভয় ঢুকিয়েছিল স্বাগতিক দলটি। তবে কারও প্রচেষ্টা সফল না হলে গোলশূন্য ড্র’তে বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে খানিক আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল। তবুও ধরা দিচ্ছিল না গোলের সাফল্য। খেলা শেষের প্রায় ১৫ মিনিট আগে রাহিম স্টার্লিংকে উঠিয়ে কোচ মাঠে নামান স্প্যানিশ উইঙ্গার মিকেল মেরিনোকে। এখানেই বাজিমাত করে আর্সেনাল, মেরিনোর থেকে শেষের ১০ মিনিটে আসে দুটি গোল।
মেরিনোর ৮১ ও ৮৭ মিনিটের দুই গোল পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মার্টিন ওডেগার্ডরা। জয়ে টেবিল টপার লিভারপুল থেকে চার পয়েন্ট দূরে তারা, পয়েন্ট এখন ৫৩। অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে আর্সেনাল। শীর্ষে থাকা অলরেডদের পয়েন্ট ৫৭।








