ফুটবল

‘বার্সাকে ডোবাতে গিয়ে ফুটবলের ক্ষতি করছে রিয়াল’

‘বার্সাকে ডোবাতে গিয়ে ফুটবলের ক্ষতি করছে রিয়াল’

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কড়া সমালোচনা করেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তার অভিযোগ, নেগ্রেইরা বিতর্ককে কেন্দ্র করে বার্সেলোনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে মাদ্রিদ। শুধু তাই নয়, বিভিন্ন প্রাতিষ্ঠানিক বৈঠকে অনুপস্থিতির কারণে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও নিজেদের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ যেন মাঠের লড়াই ছাড়িয়ে এখন কথার লড়াইয়েও নতুন মাত্রা পেয়েছে। এবার সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন বার্সেলোনা সভাপতি। নেগ্রেইরা কেস এবং ইউরোপীয় ফুটবলের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইস্যুতে রিয়াল মাদ্রিদের ভূমিকার সমালোচনা করে তিনি দাবি করেছেন, ক্লাবটি ক্রমেই নিজেদের অবস্থান ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, শনিবার সকালে সিটজেস শহরে একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লাপোর্তা। এ সময় বার্সেলোনাকে ঘিরে চলমান বিতর্ক এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার বৈঠকে রিয়াল মাদ্রিদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লাপোর্তার মতে, বার্সেলোনার সাফল্য ও ইতিবাচক দিকগুলোকে আড়াল করতেই ভিন্ন ভিন্ন বিষয় সামনে আনছে মাদ্রিদ। তার ভাষায়, ‘মনোযোগ অন্যদিকে সরানোর জন্য মাদ্রিদ অন্য সব বিষয় নিয়ে কথা বলে।’

বার্সেলোনার বর্তমান পরিস্থিতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ক্লাব সভাপতি। তার দাবি, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বজুড়েও সমর্থক ও ফুটবলপ্রেমীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে কাতালান ক্লাবটি।

লাপোর্তা বলেন, ‘আমরা ফুটবল ও ক্লাব জীবন উপভোগ করছি এবং বিশ্বজুড়ে সম্মান পাচ্ছি। আমাদের দলে বিশ্বকাপজয়ী নয়জন খেলোয়াড় রয়েছেন। এই দল মানুষের হৃদয় জয় করেছে। আমাদের খেলোয়াড়েরা অন্যদের জন্য আদর্শ এবং সব জায়গা থেকেই প্রশংসা পাচ্ছি। অথচ মাদ্রিদ এসব কিছুকেই খাটো করে দেখার চেষ্টা করে।’

এরপর আবারও আলোচনায় আসে নেগ্রেইরা কেস। বার্সেলোনার সাবেক রেফারি কমিটির কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে অর্থ প্রদানের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত ও বিতর্ক চলছে। এ ঘটনায় বার্সেলোনার বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনা করে লাপোর্তার দাবি, বিচারিক প্রক্রিয়া শুরুর আগেই ক্লাবটিকে দোষী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, ‘আমি বারবার বলে যাব, বিচার প্রক্রিয়া শুরুর আগেই আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছিল। এখন স্পষ্ট হয়ে উঠছে, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি ছিল না। শেষ পর্যন্ত বার্সেলোনা নির্দোষ প্রমাণিত হবে।’

বার্সেলোনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন এমন ব্যক্তিদেরও সতর্ক করেছেন লাপোর্তা। তার মতে, মামলাটিকে দীর্ঘায়িত করার মাধ্যমে ক্লাবটির বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা চলছে। তবে এ ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেই মনে করেন তিনি।

রিয়াল মাদ্রিদের সমালোচনায় শুধু নেগ্রেইরা কেসেই থামেননি বার্সেলোনা সভাপতি। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) এবং ইউরোলিগ বাস্কেটবলের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বৈঠকে মাদ্রিদের অনুপস্থিতির বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

লাপোর্তার ভাষায়, ‘স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে ক্লাবটি তার মর্যাদা, অবস্থান ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, তাদের মানসিকতা সম্পর্কে এটি অনেক কিছুই প্রকাশ করে। তারা চরম ঔদ্ধত্য ও অহংকারে ভরা একটি অবস্থান নিয়েছে। তারা কী করছে, তা তারাই ভালো জানে। তাদের উচিত নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করা।’

মাঠের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতিযোগিতা যেমন তীব্র,মাঠের বাইরের এই বাকযুদ্ধও তেমনি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে স্প্যানিশ ফুটবলে।

বিষয়:বার্সেলোনা মাদ্রিদ লাপোর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…