সালাহউদ্দীন জাকীর প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই
বৃহস্পতিবার দুপুরে ‘ঘুড্ডি’ খ্যাত এই পরিচালকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আই ভবনে

চ্যানেল আই ভবনে সালাহউদ্দীন জাকীর স্মরণে শোক বই ও তার ছবি প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। তার মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।
চ্যানেল আই পরিবারের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিলো ‘ঘুড্ডি’ খ্যাত এই পরিচালকের। সিনেমার এই গুণীজনের প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে বিশালাকার ছবিসহ তার নামে একটি শোক বই।
পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সৈয়দ জাকীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার। এদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জাকীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। জোহরের নামাজের পর ১টা ৩০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ জানিয়েছেন, প্রথম জানাজা শেষে সালাহউদ্দীন জাকীর মরদেহ দুপুর ৩টা ১৫ মিনিটে তেজগাঁও চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হবে। চ্যানেল আইয়ে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে দাফন করা হবে গুণী এই পরিচালককে।






