স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। সে উপলক্ষে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ব্যক্তিগত আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। ২৯ নভেম্বর গ্রান তেত্রে দেল লিসিউ থিয়েটারে জমকালো আয়োজন করা হবে।
২০০০ সালে ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। চার বছর পর ২০০৪ সালে কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সার মূল দলে অভিষেক হয়। দ্রুত সময়ের মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করেন মেসি। ২০২১ সালে ক্লাবটির সাথে সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজি ঘুরে এখন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে আছেন।
কাতালুনিয়ান রেডিওর তথ্য, লাপোর্তা ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গ্রান তেত্রে দেল লিসিউ থিয়েটারে মেসিকে দেখতে চান। বার্সেলোনার কিংবদন্তি সাবেকদের মধ্যে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কোচ পেপ গার্দিওলাসহ অনেকে উপস্থিত থাকবেন। ক্লাব ছাড়ার পর প্রথমবার বিশ্বজয়ী মেসির সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জেগেছে।








