ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর খনিতে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
আনাদোলু এজেন্সি পুলিশের বরাতে জানিয়েছে, গোরোন্তালোর পোহুওয়াতো রিজেন্সির হুলাওয়া গ্রামের ওই খনিতে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ধসে খনির ওপর পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।
গোরোন্তালো পুলিশের মুখপাত্র মারুপা সাগালা জানান, দুর্ঘটনায় নিহত পাঁচ শ্রমিকই পার্শ্ববর্তী বোয়ালেমো রিজেন্সির বাসিন্দা। উদ্ধার করা মরদেহগুলো পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা বৃহস্পতিবারও ঘটনাস্থলে তল্লাশি চালান।
ধসে পড়া মাটির নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে একজন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে থাকা অন্যদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি উদ্ধারকারীরা।
ইন্দোনেশিয়ায় অবৈধ ও অনিরাপদ স্বর্ণখনিতে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় এসব খনিতে ভূমিধসসহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে।







