জিরোনার বিপক্ষে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। ম্যাচে পুরোটা সময় প্রতিপক্ষ রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলেছেন ১৭ বর্ষী স্পেনিয়ার্ড। গোলে শট নিয়েছেন পাঁচটি, ট্যাকলে জিতেছেন পাঁচবার, ডুয়েলে জিতেছেন দশবার। এই ম্যাচকে নির্দ্বিধায় ইয়ামালময় বলে দেয়া যায়। এমন ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচও লামিনের প্রশংসায় পঞ্চমুখ।
জিরোনার সঙ্গে রোববার রাতে ৪-১ গোলে জয়ের ম্যাচে দুই গোল করেছেন লামিন ইয়ামাল। তার জোড়া গোলের পাশাপাশি বাকি গোল দুটি করেন দানি ওলমো ও পেদ্রি। জিরোনার একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। পাঁচ ম্যাচ খেলে সবকটি জিতে টেবিলের শীর্ষে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে দুই জয়, এক ড্র ও দুই হারে সাতে জিরোনা।
জিরোনার স্পেনিয়ার্ড কোচ মিচেল পরে বলেছেন, ‘লামিন একজন পার্থক্য সৃষ্টিকারী। আমি মনে করি ১৭ বছর বয়সেই সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। মেসির পরে অন্যকেউ সে পর্যন্ত আসবে, সেটা ভাবা আসলে খুবই কঠিন। কিন্তু আমি আশা করি লামিন উন্নতি করতে থাকবে, কারণ সে এমন একজন খেলোয়াড় যে কিনা মেসি পর্যন্ত পৌঁছাতে পারে।’








