ফুটবল

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে এল ক্ল্যাসিকো

ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, একটি ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, একটি ম্যাচের দৃশ্য, যেখানে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের দৌড়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমও শেষ হবার পথে। বাকী নেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই জায়ান্টদের মহারণও। তবে জুলাইয়ে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লা লিগার দুই পরাশক্তি। আগামী ২৯ জুলাই এল ক্ল্যাসিকোটি হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

ওই সময়ে লা লিগার দুই জায়ান্ট দল ছাড়াও প্রীতি ম্যাচগুলো খেলবে আরও চার ক্লাব। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। এছাড়া সিরি আ’র দুই ক্লাব এসি মিলান ও জুভেন্টাসও থাকবে প্রীতি ম্যাচের আসরে।

যুক্তরাষ্ট্রে তৃতীয় বারের মতো হতে চলেছে এই এল ক্ল্যাসিকো। এর আগে ২০১৭ সালে ফ্লোরিডার মায়ামি গার্ডেনে এবং গত বছর জুলাইয়ে হিউস্টনে রিয়াল-বার্সার প্রাক মৌসুম প্রীতি ম্যাচ হয়েছিল।

২২ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় বার্সেলোনা-জুভেন্টাসের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে আসর। ক্যালিফোর্নিয়ার পাসাদেনাতে ২৩ জুলাই হবে রিয়াল-মিলান লড়াই। ২৬ জুলাই ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে মাঠে নামবে আর্সেনাল-বার্সেলোনা এবং হিউস্টনে রিয়াল-ইউনাইটেড।

২৭ জুলাই কারসন, ক্যালিফোর্নিয়ায় জুভেন্টাস-মিলান; ১ আগস্ট লাস ভেগাসে মিলান-বার্সেলোনা এবং ২ আগস্ট জুভেন্টাস-রিয়ালের মধ্য দিয়ে শেষ হবে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ।

বিষয়:আর্সেনাল এল ক্ল্যাসিকো প্রীতি ম্যাচ বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…