চার বছরের জন্য আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০৯ সাল থেকে টানা পঞ্চমবার লস ব্লাঙ্কোসদের সভাপতি হলেন ৭৭ বর্ষী স্পেনিয়ার্ড। আগের চারবারের মতো এবারও কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে নামতে হয়নি তাকে। ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন পেরেজ।
লা লিগায় রিয়াল মাদ্রিদ-লা পালমাস ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, ‘নির্বাচনে একজনই প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের নাম ঘোষণা করা হয়েছে।’
পেশায় ব্যবসায়ী পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হলেন ষষ্ঠবারের মতো। প্রথমবার ২০০০ সালে দায়িত্ব নিয়ে ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন। পরে ২০০৯ সাল থেকে টানা দায়িত্বে আছেন।
পেরেজের দুই দফার পাঁচ মেয়াদে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মোট ৬৫টি ট্রফি জিতেছে। এরমধ্যে আছে ৭টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি ইউরোপা লিগ চ্যাম্পিয়নশিপ।








