ব্যক্তিগত কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্টের আগেই দলে যোগ দিতে পারেন তিনি।
অধিনায়ক রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় প্রস্তুতির জন্য নিজেদের মধ্যে তিন দিনের ম্যাচ খেলছিলেন। কোহলি সেই ম্যাচে অংশ নেননি।
এদিকে আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ঋতুরাজ গায়কোয়াড়। ভারত-এ দলের সঙ্গে সাউথ আফ্রিকা সফরে থাকা অভিমন্যু ঈশ্বরণকে রিজার্ভ ওপেনার হিসেবে দলে যুক্ত করা হয়েছে।
অভিমন্যু প্রিটোরিয়ায় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ৬১ রানে অপরাজিত ছিলেন। টিম ম্যানেজমেন্ট তাকে বাধ্যতামূলক অবসর দেয়। ২৬ ডিসেম্বর সাউথ আফ্রিকা এ-দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে তিনি খেলতে পারেন। সেক্ষেত্রে কেপটাউনে নতুন বছরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
লোকেশ রাহুল এবং মুকেশ কুমার একদিনের বিশ্রাম নিয়ে ওয়ানডে সিরিজের পর টেস্ট স্কোয়াডের সাথে যোগ দেবেন। শ্রেয়াস আয়ারকে টেস্টের প্রস্তুতির জন্য প্রথম ওয়ানডের পর স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হয়েছিল।
দীর্ঘ অনুপস্থিতির পর টেস্টে ফিরছেন আয়ার ও রাহুল। টিম ইন্ডিয়ার হয়ে সবশেষ তারা বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ফেব্রুয়ারিতে লাল বলের ক্রিকেট খেলেছিলেন। রাহুল দ্বিতীয় টেস্টের পর জায়গা হারান। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ সফরে নামতে পারেননি।
প্রোটিয়াদের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজে রাহুল উইকেটরক্ষকের দায়িত্ব নিতে পারেন। আয়ারও মার্চের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। পিঠের অস্ত্রোপচার থেকে ফেরার পর ওয়ানডে ক্রিকেটে নিয়মিত রয়েছেন।








