টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল ভারত। ছুটিতে থাকায় দলের নির্ভরযোগ্য ব্যাটার বিরাট কোহলিকে ছাড়াই আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এবার নিউইয়র্কে যোগ দিয়েছেন কিংবদন্তি ব্যাটার।
আইপিএল শেষে কিছু দিনের ছুটিতে ছিলেন কোহলি। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটারের ব্যাট থেকে এসেছে আসরের সর্বোচ্চ রান (১৫ ম্যাচে ৭৪১)। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আসর শেষ হয় কোহলিদের। এরপর ছুটিতে যান তিনি।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ম-আপ ম্যাচে নাজমুল হোসেন শান্তদের মুখোমুখি হবে ভারত। ম্যাচে কোহলি খেলবেন কিনা তা অবশ্য এখনও নিশ্চিত নয়।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে আছে ভারত। সঙ্গী পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে রোহিত-কোহলিদের। ৯ জুন পাকিস্তান ১২ জুন যুক্তরাষ্ট্র এবং ১৫ জুন কানাডার বিপক্ষে খেলবে ভারত। প্রথম তিনটি ম্যাচ নিউইয়র্কে খেলবে ভারত। গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচটি গড়াবে ফ্লোরিডায়।







