আন্তর্জাতিক

আবারও হ্যাকিংয়ের শিকার এফবিআই, লক্ষ্য অপরাধীদের তথ্যভান্ডার

আবারও হ্যাকিংয়ের শিকার এফবিআই, লক্ষ্য অপরাধীদের তথ্যভান্ডার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের অপরাধসংক্রান্ত জাতীয় তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংস্থাটি। এই তথ্যভান্ডার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে।

শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।

তদন্ত সম্পর্কে জানেন, এমন দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কয়েক মাসের মধ্যে এফবিআইয়ের গুরুত্বপূর্ণ তথ্যব্যবস্থায় এটি দ্বিতীয় হ্যাকিংয়ের ঘটনা।

ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামের এই তথ্যভান্ডারে বিভিন্ন অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা এবং ব্যক্তির অতীত রেকর্ডের তথ্য থাকে। দেশের বিভিন্ন এলাকার পুলিশ এসব তথ্য ব্যবহার করে অপরাধী শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে।

সাম্প্রতিক সময়ে এই হ্যাকিংয়ের ঘটনা সামনে এসেছে। এমন সময় এই ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি দেশটির ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় একাধিক সমস্যা দেখা দিয়েছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ কমানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

এ বিষয়ে মন্তব্য জানতে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও সংস্থাটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

এদিকে বৃহস্পতিবার এফবিআইয়ের কর্মকর্তারা নতুন হ্যাকিংয়ের বিষয়ে জানার পর সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে কথা বলেন। সেখানে তিনি এফবিআইয়ের সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি কয়েক মাস আগে পরিচালিত ‘অপারেশন উইন্টার শিল্ড’ নিয়েও কথা বলেন। ওই অভিযানের উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কম্পিউটার ও নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করতে উৎসাহিত করা, যাতে হ্যাকাররা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে না পারে।

কাশ প্যাটেল বলেন, আগের প্রশাসনগুলো চাইলেই এসব নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করতে পারত, কিন্তু তারা তা করেনি। বর্তমান প্রশাসন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বাড়াতে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

এনসিআইসি তথ্যভান্ডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এফবিআইয়ের সাবেক এক কর্মকর্তা। তিনি আগে সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে তদন্তের দায়িত্বে ছিলেন।

সিএনএনকে তিনি বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকার পুলিশ সদস্যরা পলাতক আসামিদের খুজে বের করতে, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই করতে এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য জানতে এই তথ্যভান্ডার ব্যবহার করেন।

তার মতে, হ্যাকাররা শুধু গোপন তথ্য চুরি করেছে কি না, সেটিই একমাত্র উদ্বেগের বিষয় নয়। তারা তথ্য পরিবর্তন বা ভুল তথ্য ঢুকিয়ে দিতে পেরেছে কি না, সেটিও বড় চিন্তার কারণ। কারণ পুলিশ সদস্যরা অপরাধী শনাক্ত ও নিরাপত্তার সিদ্ধান্ত নিতে এই তথ্যের ওপর নির্ভর করেন।

আগেও হ্যাকিংয়ের শিকার হয়েছে এফবিআই

এর আগে গত সেপ্টেম্বরে ‘শাইনি হান্টার্স’ নামের একটি হ্যাকার দল এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালায়। এতে সংস্থাটির কর্মীদের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরির চেষ্টা করা হয়।

এ ঘটনায় কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে। শাইনি হান্টার্সের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার পর এফবিআইয়ের অনেক কর্মী তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে কি না, তা জানতে পারেননি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য সংস্থার পক্ষ থেকে যে নিরাপত্তা সহায়তা দেওয়া হয়েছিল, তা নিয়েও তারা সন্তুষ্ট ছিলেন না।

এর আগে ২০২৩ সালেও এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের একটি কম্পিউটার ব্যবস্থায় হ্যাকাররা প্রবেশ করে। ওই ব্যবস্থা শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত অপরাধের তদন্তে ব্যবহার করা হতো। সেখানে জেফরি এপস্টেইন মামলার সঙ্গে সম্পর্কিত কিছু ছবিও সংরক্ষিত ছিল বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়।

বিষয়:আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এফবিআই নিউইয়র্ক হ্যাকিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…