ভারতীয় কিংবদন্তি এবং ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি টেস্টকে বিদায় বলে দিলেন। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা পোস্টে বিদায়ের কথা জানান ৩৬ বর্ষী মহাতারকা। টি-টুয়েন্টি ছেড়েছেন সংস্করণটির গত বিশ্বকাপ জিতে, এখন শুধু ওয়ানডেতে আন্তর্জাতিক অঙ্গনে দেখা মিলবে কোহলির।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। তিন বছর পর অধিনায়ক হন এবং ৬৮ টেস্টে অধিনায়কত্ব করেন। ৫৮.৮২ শতাংশ ম্যাচ জিতেছেন, যেখানে ৪০টি জয় এবং ১১টি ড্র রয়েছে, হেরেছেন ১৭টিতে।
কোহলি ১২৩ টেস্ট খেলে ৯,২৩০ রান করেছেন টেস্টে। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন, অপরাজিত ২৫৪ রানের। ৪৬.৩০ গড়ে ৩০ সেঞ্চুরির সাথে ৩১ ফিফটি রেখে গেলেন নামের পাশে। ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ছোট সংস্করণকে বিদায় বলে দিয়েছিলেন।
অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরার ১৪ বছর পার হয়ে গেছে। সত্যি বলতে এ সংস্করণ আমাকে এযাত্রায় এতখানি নিয়ে আসবে তা কখনও কল্পনাও করিনি। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা সাড়া জীবন নিয়ে চলব।’
‘এ সংস্করণ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি যা সহজ নয়- কিন্তু সময়টা ঠিক মনে হচ্ছে। আমার যা কিছু ছিল তা আমি দিয়েছি এবং এটা আমাকে প্রত্যাশার চেয়ে অনেকবেশি ফিরিয়ে দিয়েছে।’
‘যাদের সাথে আমি সময় দিয়েছি, মাঠে খেলেছি এবং পথে যাদের সাথে আমার দেখা হয়েছে, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা ভরা হৃদয়ে মনে করে চলে যাচ্ছি। সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে মুচকি হাসি দেখব। হ্যাশট্যাগ ২৬৯, সাইনিং অফ।’








