নিকোলসের ১৭৫* রানের পর ওয়েলিংটনে দারুণ জবাব দিচ্ছে ভারত
সিরিজের প্রথম টেস্ট

নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে ভারত। কিউইদের প্রথম ইনিংসে সাড়ে তিনশ পেরোনো সংগ্রহের পর দুর্দান্ত জবাব দিয়েছে সফরকারীদের ওপেনিং জুটি। অবশ্য এখনও ২০৯ রানে পিছিয়ে ভারত, তবে হাতে আছে ৯ উইকেট।
বৃহস্পতিবার ওয়েলিংটনে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। ১২১ ওভারে ৩৬৮ রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।
দ্বিতীয় দিনে এসে নিউজিল্যান্ডকে অলআউটের পর ব্যাটে নেমে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও যস্বী জয়সওয়াল। দুজনে ১৩০ রানের উদ্বোধনী জুটি গড়েন। জয়সওয়াল ৮৯ বলে ৮৫ রানে সাজঘরে ফিরলে জুটি ভাঙে।
এদিন কিউইদের মাঠে ওপেনিংয়ে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন জয়সওয়াল ও লোকেশ, তাদের ১৩০ রানের জুটিটি নিউজিল্যান্ডে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটির তালিকায় দুইয়ে জায়গা করে নিয়েছে। প্রথমটি ১৪৯ রানের।
দেবদূত পাডিক্কালকে নিয়ে পরে দিনের খেলা শেষ করে লোকেশ। লোকেশ ৫২ ও পাড্ডিকাল ১৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
এর আগে প্রথমদিনে ব্যাটে নেমে শুরুতেই টম ল্যাথামের (০) উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৪ ও রাচীন রবীন্দ্র ১৫ রানে আউট হন। হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস ৩৯৯ বলে ২১৬ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। জুটি ভেঙে ফিলিপস ফেরেন ১১৮ রানে, ইনিংসে ১৪ চার হাঁকিয়ে।
নিকোলস একপ্রান্ত আগলে রান তুলতে থাকেন। শেষপর্যন্তও তাকে আউট করা যায়নি। ১৭৫ রানে অপরাজিত থাকেন নিকোলস, ৩৩৫ বলে ২১ চারে ইনিংস সাজিয়ে। আর কেউ বলার মতো রান আনতে পারেননি।
ভারতের হয়ে ৪ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। আকাশ দীপ ৩টি ও ২টি উইকেট নেন অংশুল কম্বোজ। বাকি উইকেটটি প্রসিধ কৃষ্ণার।






