প্রায় একযুগ পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি। ভারতীয় মহাতারকার ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় প্রত্যাশিত হলেও ঘটেছে অপ্রত্যাশিত কিছু ঘটনা। ভোররাত থেকে লম্বা লাইনের সঙ্গে গেটে দেখা গেছে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়েছেন অনেকে। এমন খবরই ভারতীয় গণমাধ্যমে।
দেশটির গণমাধ্যম বলছে, ম্যাচ শুরুর দিন ভোরের আলো ফোটার আগেই স্টেডিয়ামের সামনে দর্শকরা জড়ো হতে শুরু করেন। ভোরেই লম্বা লাইন হয় দর্শকদের। এদিন দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের।
শেষ মুহূর্তে খোলা হয় স্টেডিয়ামের ১৬ এবং ১৭ নম্বর গেট। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। তাতে হুড়োহুড়ি করে বেশ কয়েকজন সমর্থক আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু মোটরসাইকেল। স্টেডিয়ামের ভেতরেও ভিড় সামলাতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শেষ মুহূর্তে একাধিক গ্যালারি খুলতে হয়েছে।
ম্যাচ শুরু হলে কোহলিকে দেখে পুরো স্টেডিয়ামজুড়ে শুধু ‘কোহলি, কোহলি’ ধ্বনি শোনা যেতে থাকে। কেউ কেউ কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংক্ষিপ্ত নাম ‘আরসিবি, আরসিবি’ বলে স্লোগান তোলেন। তাতে কোহলিও দর্শকদের দিকে হাত নাডিয়ে সারা দেন।
দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন কোহলি। সে কারণে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলার প্রথমদিনে অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে এসেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। তাতেও এড়ানো যায়নি বিশৃঙ্খলা।
প্রথমে ঠিক ছিল এই ম্যাচ লাইভ স্ট্রিমিং করানো হবে না। বিসিসিআই জানায়, গ্রুপপর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনার কথা ভেবে শেষবেলায় সূচিতে বদল করা হয়েছে। তড়িঘড়ি করে জিও সিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে। তবুও স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন দর্শকরা।







