‘আমি রাতারাতি খারাপ হয়ে যাইনি’

Liverpool football coach Jürgen Klopp in a black jacket and beanie, gesturing during a game with fans in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
লিভারপুলের বর্তমান শোচনীয় পারফরম্যান্সের সমালোচনার জবাব দিয়েছেন ইয়ূর্গেন ক্লপ। অলরেডরা প্রিমিয়ার লিগ টেবিলে আছে ৯-এ, সুপার ফোর থেকে ১০ পয়েন্ট পিছিয়ে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ঝুঁকিতে। সমালোচনার মাঝে পড়া ক্লপকে তাই মুখ খুলতেই হল।
‘আমি রাতারাতি একজন খারাপ ম্যানেজার হয়ে যাইনি। লোকে সম্ভবত যত ভালো আমাকে বলতো তত ভালো আমি ছিলাম না এবং এখন যত খারাপ ভাবছে ততটাও নই।’
ক্লপের চুক্তির মেয়াদ ২০২৬-এর এপ্রিল পর্যন্ত। ২০১৯-এ চ্যাম্পিয়ন্স লিগ, ২০২১-এ ইংলিশ প্রিমিয়ার লিগসহ মেজর সব ট্রফিই তিনি জিতিয়েছেন লিভারপুলকে। গত কয়েক মৌসুমে ট্রফির জন্য ম্যানচেস্টার সিটির সাথে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছেন মৌসুমের শেষধাপ পর্যন্ত।
‘গতবছর টানটান উত্তেজনায় ভরা ছিল, কারণ কে আশা করে চারটি ফাইনালে খেলার? এই মৌসুম একটু কঠিন যাচ্ছে, কিন্তু আমরা এখনও সহজে চার-পাঁচ পয়েন্ট আদায় করতে পারবো। আমরা এখনও পর্যন্ত ভালো খেলতে পারিনি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য লড়াই করবো।’
‘এখান থেকে বের হওয়ার জন্য যা যা করার আমরা চেষ্টা করব। এটা কঠিন এবং আমি দুঃখিত। ভবিষ্যতের আচরণ কেমন হবে তা এই মুহূর্তে আপনার আচরণ এবং পরিস্থিতি মোকাবেলার উপর নির্ভর করছে।’
রোববার ক্লপের দল এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওঠার লড়াইয়ে ব্রাইটনের বিপক্ষে নামবে।






