সোমবার (৬ এপ্রিল) কলকাতার ইডেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পাঞ্জাব কিংসের ম্যাচটি বৃষ্টির কারণে থেমে গেলেও, এই সন্ধ্যার সবচেয়ে বড় আকর্ষণকে ম্লান করতে পারেনি।
কেননা খেলার চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে কেকেআরের মালিক, বলিউড কিং শাহরুখ খান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর একটি ভিডিও।
সামাজিক মাধ্যমে কেকেআর এর পেজ থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, ‘কিং খান’ ও ‘দাদা’ একে অপরকে জড়িয়ে ধরেছেন।
কলকাতা ও পাঞ্জাবের সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও ভক্তদের নজর কেড়েছে এই দুই তারকার আবেগঘন মুহূর্তটি। ভিডিওটির ক্যাপশনে লেখা, যখন রাজার সঙ্গে দেখা হলো বাংলার মহারাজের। ভিডিওটি প্রকাশের পরপরই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওর নিচে কেকেআর ভক্তরা ভালোবাসায় সিক্ত করেছেন তাদের প্রিয় দুই তারকাকে। একজন মন্তব্য করেছেন, ‘দাদা এবং কিং’। অন্য একজন লিখেছেন, ‘রাজা (শাহরুখ) যদি দাদাকে কোচ বা ডিরেক্টর হিসেবে কেকেআরে ফিরিয়ে আনতেন, তবে ম্যাজিক দেখা যেত।’
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। পরে ২০০৯ সালে বিরতি দিয়ে ২০১০ সালে আবারও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দীর্ঘদিন পর এই দুই তারকার এমন মুহূর্ত কেকেআর সমর্থকদের আবেগপ্রবণ করে তুলেছে।







