চলতি বিপিএলে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা বেশি আলোচনায়। এসব কাণ্ডে সবার আগে নাম দুর্বার রাজশাহীর। পারিশ্রমিক বকেয়াকে কেন্দ্র করে সমালোচিত অনেক কাণ্ডই ঘটে গেছে ইতিমধ্যে। সে সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন ফরচুন বরিশালের ইংলিশ ব্যাটার ডেভিড মালান। টাকা না থাকলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের দল না নিতে পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারায় ফরচুন বরিশাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন মালান।
‘আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেনো, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চায় সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্যকারও কাজ আমাদের পারিশ্রমিক দেয়া। এজন্যই এসব লিগে খেলি আমরা।’
‘আশা করি, সামনে এমন (পারিশ্রমিক সমস্যা) হবে না। এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’
পরে একই ইস্যুতে কথা বলেন খুলনা টাইগার্সের বিদেশি ক্রিকেটার উইলিয়াম বসিস্তো। বলেছেন, ‘এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী সবকিছু পেয়েছি। শুনতে পাচ্ছি, অন্য দলে কিছু সমস্যা হচ্ছে। অবশ্যই হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।’
‘ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব পারফর্ম করা, নিজেকে প্রস্তুত করে শতভাগ দেয়া। এটা আমার দায়িত্ব। দলের মালিক হিসেবে তাদের দায়িত্ব ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করা। অন্যকোনো দলে তা হচ্ছে না, হতাশার ব্যাপার। তবে খুলনা এখন পর্যন্ত দারুণ।’








