চট্টগ্রাম থেকে: গত বৃহস্পতিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে মায়ের মৃত্যুর খবর পান চিটাগং কিংসের খালেদ আহমেদ। রাতেই ছুটে যান সিলেটে। শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে তার না খেলাটাই স্বাভাবিক ছিল। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে দ্রুতই মাঠে ফিরেছেন টাইগার পেসার। রোববার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে ফিরেছেন।
ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরেছে চিটাগং কিংস। দল হারলেও বল হাতে দারুণ করেছেন তারকা পেসার। ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। খালেদের দ্রুত মাঠে ফেরাটা অবাক করার মতোই। টাইগার পেসার নিজেই চেয়েছেন বরিশালের বিপক্ষে খেলতে। বরিশালের কাছে হারের পর সংবাদ সম্মেলনে আসেন চিটাগং কিংসের সহকারি কোচ এনামুল হক জুনিয়র। তিনি জানালেন এমন।
‘সত্যি কথা বলতে খালেদকে নিয়ে খুবই গর্বিত। এমন একটা পরিস্থিতি থেকে ও সিলেট থেকে আমাদের কথায় রাজি হয়ে টিমের স্বার্থে চলে এসেছে। মনে হয় সিলেট যদি থাকত হয়তো মনটা আরও খারাপ থাকত।’
এরপর খালেদ নিজে থেকে যে ম্যাচ খেলতে চেয়েছেন তা জানান এনামুল। বলেছেন, “ও আমাকে কল করেছিল গতকাল রাতে যে- ‘ভাই আমি কী করবো?’ বললাম, আসলে সিলেটে থাকলে মনটা খারাপ থাকবে, বাসায় বসে থেকে। আর এখানে আসলে হয়তো একটু উৎফুল্ল থাকবে। সে এই ম্যাচটা খেলতে চেয়েছিল, বললো যে- ‘ভাই আমি বরিশালের বিপক্ষে খেলতে চাই।’ আসলে সত্যি কথা বলতে আমরা সবাই আনন্দিত। কারণ, একটা এত বড় ঘটনার পর যে ও চলে এসেছে, ম্যাচ খেলেছে এবং দারুণ বোলিং করেছে আজও।’
আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন খালেদ। ৭.৫৩ ইকোনমিতে ১০ উইকেট শিকার করেছেন।







