‘গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে’
বললেন কাজী হায়াৎ

গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের শোক প্রকাশের জন্য বিশাল সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
এফডিসিতে কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। যোহর নামাজের পর এফডিসির প্রশাসনিক ভবনের সামনে এফডিসির আভ্যন্তরিন সংগঠনগুলো একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কালজয়ী এই গুণী মানুষকে।
এসময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা, ওমর সানি, বাপ্পী, অরুণা বিশ্বাস, সাইমন সহ অনেকে। পাশাপাশি শিল্পী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।
আরো ছিল পরিচালক সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, এফডিসি প্রশাসন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, চলচ্চিত্র পরিষদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতি।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, গাজী ভাইয়ের মধ্যে ম্যাজিক্যাল ব্যাপার ছিল। উনি অবস্থা বুঝে ৫ মিনিটে গান লিখে দিতে পারতেন। সেইসব গানগুলো সবই জনপ্রিয়। তারমতো গুণীজন আমরা আর পাবো না৷
কাজী হায়াত বলেন, গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে। এমন ভাগ্য নিয়ে কতজন চলে যেতে পারে? গাজী ভাইয়ের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শুন্যতা তৈরি হলো।
রোজিনা বলেন, উনি একজন শিশুর কাছ থেকেও শিখতে চাইতেন। কোনোদিন তার মধ্যে অহংকার দেখিনি। আমাদের সংস্কৃতি ও বাংলাদেশ যতদিন থাকবে ততদিন উনি আমাদের হৃদয়ে থাকবেন।
এসডি রুবেল বলেন, তার পুরোনো গানগুলো বেশি নতুন। যুগের নিয়মে হয়তো আরো অনেকে গান লিখবে কিন্তু গাজী মাজহারুল আনোয়ার একজনই। তিনি আর আসবেন না।






