বিনোদন

চূর্ণীর সঙ্গে যে ঘটনা বদলে দিল কৌশিকের জীবন!

দুটি মানুষ হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মানুষ হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছে, পটভূমিতে রঙিন আলো এবং গ্লাস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘শুরুতে ৫ বছর ধরে চলেছিল অ্যাডমিশন টেস্ট। বহু প্রচেষ্টা ও পরিশ্রমের পর আমরা ১৯৯৩ সালে জয়েন করেছিলাম এই ১৬ই জানুয়ারিতে…’ স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহবার্ষিকীর দিন একটি ছবি পোস্ট করে এমনটাই লিখলেন গুণী নির্মাতা ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়।

অফস্ক্রিনের মতো অনস্ক্রিনেও প্রতিনিয়ত দর্শকের মনে দাগ কেটে চলেছেন কৌশিক-চূর্ণী। পশ্চিমবাংলা সিনেমার এই তারকা দম্পতি বিবাহবার্ষিকীর ৩১ বছর পূর্ণ হলো মঙ্গলবার (১৬ জানুয়ারি)। ১৯৯৩ সালের এই দিনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিবাহবার্ষিকী উপলক্ষে দীর্ঘ এক পোস্টে নিজেদের ভালোবাসার গল্প অনুসারীদের সাথে শেয়ার করলেন কৌশিক। লিখেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শুরু হওয়া এই বিয়ের কোর্সটা আজীবনের। এই দুই ছাত্র-ছাত্রীর কারোরই এই লেখাপড়াটা ছাড়ার ইচ্ছে নেই। এতে পড়ানো হয় বন্ধুতা, সমবেদনা, সততা, নম্রতা, সহনশীলতা, আবেগ, ক্ষমা , আদরের মত আরও অনেক অনেক চ্যাপ্টার!’

কোন কারিকুলামের কথা বলছেন কৌশিক? আরেকটু পড়লেই খোলাসা হবে। কৌশিক লিখেছেন, ‘অদ্ভুত এক বই যার কোনও আকার নেই, পেজ নাম্বার নেই! একটা পাতা থেকে যেন শয়ে শয়ে পাতা খুলে খুলে বের হয়ে আসছে। শুরুতে ৫ বছর ধরে চলেছিল অ্যাডমিশন টেস্ট, তারপর বহু প্রচেষ্টা ও পরিশ্রমের পর আমরা ১৯৯৩ সালে জয়েন করেছিলাম এই ১৬ই জানুয়ারিতে, সন্ধ্যাবেলায় থিয়েটার রোডে চূর্ণীর বাড়িতে’।

‘বেশ সেজেগুজে গিয়েছিলাম, পৌঁছে দেখি ওর বাড়ির গেটে লেখা ‘চূর্ণীর বিয়ে’! সেই ফুলের গেটটা আমার জীবন বিলকুল বদলে দিল! সত্যি বলছি আজ উজানকে নিয়ে যে পৃথিবী ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ!’

বিবাহবার্ষিকীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কৌশিক-চূর্ণী। তাই সবার উদ্দেশে তিনি লিখেছেন,‘আপনাদের ভালোবাসা, আদর, উৎসাহ আমাদের পারিবারকে সমৃদ্ধ করছে প্রতিদিন। তাই আমাদের বিবাহবার্ষিকীতে সবাইকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা, আদর ও প্রণাম’।

বিষয়:অভিনয় অভিনেতা কৌশিক গাঙ্গুলী চূর্ণী গাঙ্গুলী নির্মাতা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…