আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে শ্রীলঙ্কার নেতৃত্ব ছাড়তে চান দিমুথ করুণারত্নে। নিজের সিদ্ধান্তের কথা নির্বাচকদের জানালেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ২-০ তে বিধ্বস্ত হওয়ার পর অধিনায়কত্ব ছাড়ার কথা জানালেন লঙ্কান অধিনায়ক।
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে শ্রীলঙ্কাকে আর নেতৃত্ব দিতে চান না করুনারত্নে। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৩৪ বর্ষী ওপেনার বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর অধিনায়কের দায়িত্ব ছাড়তে চাই। নতুন অধিনায়ক যিনি হবেন আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দুই বছর সময় পাবে। অর্ধেক দায়িত্ব পালন করার পর ছাড়ার চেয়ে নতুন কারও কাছে আগেভাগেই দায়িত্ব তুলে দেওয়া ভালো হবে।’
‘নির্বাচকদের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে, তবে তারা এখন কোনোও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। আগামী সিরিজের পর আমার দায়িত্ব অন্য কাউকে নিতে হবে।’
অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সিরিজেই সাউথ আফ্রিকা সফরে ২-০তে সিরিজ জেতে শ্রীলঙ্কা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া সাউথ আফ্রিকার মাটিতে অন্য কোনো দলের সিরিজ জেতার রেকর্ড নেই।
নিউজিল্যান্ডের সফরে ২-০তে সিরিজ জিতলে জুনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারতো শ্রীলঙ্কা। কিন্তু ফল হয়েছে উল্টো। ২-০তে সিরিজ হারের হতাশা থেকেই হয়ত নেতৃত্ব থেকে সরে যেতে চান করুনারত্নে।







