ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারার পর ভারতের চোখ এখন টি-টুয়েন্টি বিশ্বকাপে। ছোট সংস্করণে তারকা দুই ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভাগ্যে কী ঘটবে তা নিয়ে চলছে জোর আলোচনা। যোগ দিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও। বলেছেন, নির্বাচকরা ভালো জানে।
রোহিত-কোহলি সংক্রান্ত প্রশ্নে ৬৪ বর্ষী কপিল বলেছেন, ‘এটা নির্বাচকদের উপর নির্ভর করছে। আমরা সব জায়গায় আঙুল দিতে পারি না। এটা তাদের সিদ্ধান্ত, তারা যেটা সঠিক মনে করবে, সেটাই করা উচিত।’
ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর ওয়ানডে অধিনায়ক-ওপেনার রোহিত শর্মা এবং রেকর্ড ৫০তম সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলির ভূমিকা সামনে কী হবে তা নিয়ে তর্ক চলছে। ছোট সংস্করণে ৪ হাজারের বেশি রান করেছেন কোহলি। কাছাকাছি ৩,৮৫৩ রান করেছেন রোহিতও।
২০২২ সালের নভেম্বরে সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার পর এ সংস্করণে আর কোনো ম্যাচ খেলেননি তারা। ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে।








