ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের সকালে এসে খেলা মাঠে গড়িয়েছে। প্রায় আট ইনিংস পর এবং আড়াই দিন পরে এসে মাঠে নামতে পারল দুদল। সকাল থেকে কানপুরে কড়কড়ে সূর্যের দেখা মিলেছে। ব্যাটে নেমেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
টেস্টে একদিনে ৯০ ওভার খেলা হয়। দিনের আলো বেশি থাকলে কিছু ওভার বেশি খেলা হওয়ার নজির আছে আগের নষ্ট সময় পুষিয়ে নিতে। কানপুর টেস্টে চতুর্থ দিনে ৯৮ ওভার খেলা চালানোর সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ধারাভাষ্যকার আতাহার আলী খান পিচ দেখেন এবং জানিয়েছেন খুব সুন্দরভাবে পিচ শুকিয়েছে। খেলার জন্য দারুণ পরিবেশ রয়েছে।
প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৯ ওভার খেলা হয়ে দিনের লড়াই বন্ধ হয়েছিল। এ সময় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।
কানপুরে প্রথমদিনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দারুণ বল করেছেন ডানহাতি পেসার আকাশ দীপ, নিয়েছেন দুই উইকেট।







