জনপদ

পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি না করার ঘোষণা

দুধ দিয়ে গোসল করে একজন ব্যক্তি, প্রতিবাদে ব্যস্ত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি দুধ দিয়ে গোসল করছে, আশেপাশে অনেক মানুষ দেখছেন, এটি একটি প্রতিবাদমূলক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থাকলেও পদ না পাওয়ায় আর জীবনে রাজনীতি করবেন না জানিয়ে দুধ দিয়ে গোসল করেছেন টাঙ্গাইলের মির্জাপুরের যুবলীগ নেতা সানোয়ার হোসেন।

রোববার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ার হাট বাজারে দুধ দিয়ে গোসল করেন। যার ভিডিও মুহূর্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, গতকাল শনিবার ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে সানোয়ার হোসেন ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী থাকলেও তাকে পদ দেয়া হয়নি। সেই আক্ষেপে আজ সকালে দুধ দিয়ে গোসল করে আর জীবনে রাজনীতি করবেন না বলে ঘোষণা দেন সানোয়ার হোসেন। পরে তার মোটরসাইকেলটিকেও দুধ দিয়ে গোসল করান তিনি।

সানোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং আমার পুরো পরিবার দলটির সাথে যুক্ত থাকলেও আমি কোনদিন দলের পদ পাইনি। আমাকে দলের নেতারা পদ দিবে এমন আশ্বাস দিলেও কোন পদ দেয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনদিন কোন রাজনীতি করব না। তাই দুধ দিয়ে গোসল করেছি। পরে মোটরসাইকেলটিকেও দুধ দিয়ে গোসল করিয়েছি।

দুর্নীতির মাধ্যমে নৌকার বিপক্ষে কাজ করা ব্যক্তিদের পদ দেয়া হয়েছে দাবি এই নেতার।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ সিকদার বলেন, সানোয়ার হেসোন ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিল। কিন্তু তাকে দেয়া হয়নি। দলের সকল কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সাংগঠনিকভাবে উর্ধ্বতন নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত নিয়েছি তা সঠিক। এখন সানোয়ার হোসেন দল থেকে মৌখিকভাবে পদত্যাগ করেছে শুনেছি, আবার দুধ দিয়ে গোসল করেছে। এমন সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।

বিষয়:যুবলীগ নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…