শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুন

ছবিতে একজন যুবলীগ নেতা দেখা যাচ্ছে, যিনি শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে খুন হন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহীর তানোর উপজেলা পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা জিয়াউর রহমান (৪২) নিহত হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবলীগ নেতা জিয়াউর তালন্দ ইউনিয়ন পরিষদের বিলশহর এলাকার মৃত মোহর মন্ডলের ছেলে। এছাড়া তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)।
জানা যায়, রাতে তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে এমপি ওমর ফারুক চৌধুরী শহীদ মিনারে ফুল দিতে আসবেন শুনে বাড়ি থেকে উপজেলা পরিষদ চত্বরে আসেন জিয়াউর। ফুল দেওয়া শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পরে রাত ১টার দিকে তার নিজ গ্রামের প্রবেশ মুখে রাস্তার পাশে দুই হাত-পা বাঁধা এবং রগ ও গলা কাটা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
নিহত জিয়াউরের বড়ভাই রবিউল ইসলাম জানান, তার ভাইকে হত্যার জন্য তাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারা শত্রুতার জের ধরে তার ভাইকে হত্যা করেছে। তিনি আসামিদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এ বিষয়ে তানোর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






