দেশে ফেরার দাবিতে শেখ ইনানের পুরোনো ভিডিও ভাইরাল

ছাত্রলীগের সভাপতি ইনান দেশে ফিরেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে একটি ভিডিও। তবে বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে, পুরোনো এই ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে রাত ১০টায় বরণ করার সময় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ’। একই ভিডিও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ফয়জুর রহমান রবিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। সে সময় পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।’
এ ছাড়া একই অ্যাকাউন্টে ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শেখ ইনানের আগমনের অপেক্ষায় ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়।
অর্থাৎ, শেখ ইনান দেশে ফিরেছেন দাবি করে সম্প্রতি যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, সেটি প্রায় তিন বছর আগের। পুরোনো ভিডিওকে নতুন ঘটনার দৃশ্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।





