জয়ের ব্যাটিং ‘অনেক সুন্দর’, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ সাদমানের

মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন দারুণব্যাটিংয়ে রাঙিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি ও সাদমান ইসলাম এবং মুমিনুল হকের ফিফটিতে ১ উইকেটে ৩৩৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে টিম টাইগার্স। ১৬৯ রানে অপরাজিত আছেন জয়, ৮০ রান করা মুমিনুল ছুটছেন সেঞ্চুরির দিকে। তবে ৮০ রানে আউট হয়ে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন সাদমান। নিজের প্রতি আক্ষেপ থাকলেও জয়ের ব্যাটিংকে অনেক সুন্দর বলেছেন টাইগার ওপেনার।
দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদ সম্মেলনে আসেন সাদমান। জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসা করেন তিনি।
বলেছেন, ‘তা তো অবশ্যই। জয় অনেক সুন্দর ব্যাটিং করছে। এখনও জয় আছে। তো আশা করি বা দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।’
১০৪ বলে ৮০ রানে আউট হয়ে সাদমান কিছুটা হতাশ সেঞ্চুরি না পাওয়ায়। বলেছেন, ‘অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওইটা নিয়েই…। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি চেষ্টা করব বড় করার।’






