৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ডাক আসছে। প্রথম সপ্তাহেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্মচারীরা বিমানবন্দরে যাত্রীদের, বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধা বা প্রবাসীদের সর্বদা ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করার দাবি জানান।
এমন দাবীর বিষয়টি বহু মানুষ যৌক্তিক বলে মন্তব্য করেছিলেন। এবার তেমন দাবির প্রতিই যেন জোর দিলেন ছোটপর্দার তারকা অভিনেতা জোভান। যদিও তার দাবিটি নিতান্তই ব্যক্তিগত গণ্ডি থেকে।
দেশ গঠনে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তবে এই প্রবাসীরা প্রায়ই অবেহলার শিকার হন। বিশেষ করে দেশে ও দেশের বাইরে আসা-যাওয়ার পথে বিমানবন্দরে নানা রকমের ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। যেটা প্রবাসীতো বটেই যে কোন মানুষের জন্য অস্বস্তির ও বেদনাদায়ক।
প্রবাসীদের নিয়ে নিজের একটি দাবির কথা জানিয়েছেন জোভান। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, উনাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পায়, তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের।’
জোভানের সেই স্ট্যাটাসের নিচে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রবাসীদের যেন ভিআইপি কার্ড প্রদান করা হয়। যাতে করে তারা দেশে ফিরলে বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়েন।







