কাশিমপুরে কয়েদির পেটে মিলল গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা!

সংগৃহীত
গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু এমনকি ভাঙা ইটের টুকরাও গিলে ফেলেছিলেন এক কয়েদি। তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করে তার পেট থেকে এসব বস্তু বের করেছেন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে একের পর এক এসব বস্তু অপসারণ করা হয়।
অস্ত্রোপচার হওয়া ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন হাসমত। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতরে ধাতব ও শক্ত বস্তুর অস্তিত্ব শনাক্ত করেন চিকিৎসকেরা। পরে গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করে তার পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ভাঙা ইটের টুকরা বের করা হয়।
কয়েদির এমন অস্বাভাবিক আচরণের কারণ সম্পর্কে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে তীব্র মানসিক বিপর্যয়ে ভুগছিলেন। তার বাবা নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
জেল সুপার জানান, কারাগারে বন্দি অবস্থায় মানসিক যন্ত্রণা কমাতে এবং ব্যস্ত থাকতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাসমত। পরে তাকে কারাগারের ভেতরে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়। কাজ করার সময় বিভিন্ন আবর্জনা থেকে গ্যাসলাইটার, স্ক্রু ও অন্যান্য ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে নিজের কাছে রাখতেন তিনি। একপর্যায়ে সেগুলো গিলে ফেলতেন।
এভাবে একের পর এক বস্তু গিলে ফেলায় তার পেটে সেগুলো জমা হয় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অস্ত্রোপচারের মাধ্যমে সব ক্ষতিকর বস্তু অপসারণের পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জেল সুপার।






