কাঠগড়ায় মরিনহোর ‘সেকেলে’ কৌশল ও ভিনিসিয়াসের ‘আচরণ’
লা লিগা

লা লিগায় আলাভেসের কাছে রিয়াল মাদ্রিদের ২-১ গোলে হারের পর কোচ হোসে মরিনহোর কৌশলের সমালোচনা করেছেন কাতালান এক গণমাধ্যমের উপ-সম্পাদক হাভিয়ের জিরালদো। দাবি করেছেন, সংকটে কেবল ফরোয়ার্ড বাড়ানোর সেকেলে কৌশল মরিনহো বা সবকিছু জিততে চাওয়া দলের জন্য মানানসই নয়। তিনি লিখেছেন, ভিনিসিয়াসের আচরণে ক্লাব সমর্থকরা এখন বিরক্ত। গ্যালারিতেও ব্রাজিলিয়ানের প্রতি ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার যাত্রা থামানো হারে বার্সার থেকে ৩ পয়েন্টে পিছিয়েও পড়েছে রিয়াল। এরপর জিরালদো বলেছেন, ‘পরিস্থিতি জটিল হয়ে উঠলে আক্রমণের খেলোয়াড়দের মাঠে নামিয়ে ভিড় বাড়িয়ে ফেলার যে অভ্যাস মরিনহোর রয়েছে, তা একটি সেকেলে কৌশল। তার মতো একজন কোচ অথবা যারা সবকিছু জেতার লক্ষ্য রাখে, এমন একটি দলের জন্য এটি মোটেও মানানসই নয়।’
আলাভেসের বিপক্ষে হারে রিয়াল কেবল তিন পয়েন্টই হারায়নি, ক্লাবের ভেতরেও এটির নেতিবাচক প্রভাব পড়েছে, দর্শকদের দেখে বলেছেন জিরালদো। তার মতে, ‘এখন এটি স্পষ্ট যে, ভিনির আচরণে সমর্থকরা ক্লান্ত হয়ে পড়েছেন।’
জিরালদো যোগ করেছেন, ‘সমর্থকদের মনে হচ্ছে, মাঠের আসল পারফরম্যান্সের চেয়ে ভিনিসিয়াস লোক দেখানো অঙ্গভঙ্গি, গ্যালারির দিকে ইশারা করা বা অন্যান্য বিষয়গুলোতেই বেশি মনোযোগ দিচ্ছেন। তিনি যদি কোন নির্বাচনে প্রার্থী হতেন, তার জনপ্রিয়তায় এমন ধস নিশ্চিতভাবেই বড় ধরনের সতর্কবার্তা হিসেবে গণ্য হতো।’






