এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল স্বাগতিক ইংল্যান্ড। ৫ উইকেট হারানোর পর দলকে খাদের কিনারা থেকে তুলে আনার গুরুভার নেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। ৮০ বলে শতক তুলে নেন স্মিথ। সাথে রেকর্ডে নাম লেখান, যৌথভাবে তৃতীয় ইংলিশম্যান হিসেবে দ্রুততম টেস্ট শতক হাঁকিয়ে।
শুরুতে ৮৪ রানে মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ ৩টি ও ২টি করে উইকেট তুলে নেন ইংলিশদের। ষষ্ঠ উইকেট জুটিতে বাজিমাত ইংলিশদের। হ্যারি ব্রুক ও জেমি স্মিথ তুলেছেন শতক। ব্রুক দেখা পান নবম টেস্ট সেঞ্চুরির।
১৭টি বাউন্ডারিতে ৮০ বলে শতক হাঁকান জেমি স্মিথ। ২০২২ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঠিক ৮০ বলে সেঞ্চুরি করেছিলেন হ্যারি ব্রুক।
ইংল্যান্ডে হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গিলবার্ট জেসোপের। ১৯০২ সালে ৭৬ বলে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি জনি বেয়ারস্টোর। ২০২২ সালে নটিংহ্যামে ঘরের মাঠে ৭৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
টেস্টে দ্রুততম সেঞ্চুরির মালিক নিউজিল্যান্ডের তারকা সাবেক ব্রেন্ডন ম্যাককালামের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বহাল আছে প্রায় একদশক।







