লৌতারোকে নিয়ে ইন্টার ও আর্জেন্টিনা দলে দুশ্চিন্তা

লৌতারো মার্টিনেজের চোটে ইন্টার মিলান ও আর্জেন্টিনা দলে বড় ধাক্কার খবর এলো। ইতালিয়ান লিগে ক্লাবের হয়ে সিরি আ’র কিছু ম্যাচের সাথে আগামী আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের খেলাগুলোতেও তাকে না পাওয়ার শঙ্কা জেগেছে।
সান সিরোতে ক্লাব ব্রুগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোটে পড়েছেন ইন্টার অধিনায়ক। ম্যাচে লৌতারো জোড়া গোল করলেও ৪-৩ ব্যবধানে ব্রুগের কাছে হারে ইন্টার। খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।
ইন্টার ও আর্জেন্টিনার তারকা এই পেশির চোটে দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। ইতালির গণমাধ্যমে খবর, সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচ হাতছাড়া হতে পারে লৌতারোর।
আগামী নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ে এবং কোস্টারিকার সাথে। এদিকে ইন্টারের লিগের খেলার সাথে আছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
ইন্টার পেশির সমস্যার কারণে মার্টিনেজের একমাস মাঠের বাইরে থাকার কথা নিশ্চিত করেছে। তবে আর্জেন্টিনা জার্সিতে বিকল্প চিন্তার আগে লৌতারোর পুনর্বাসনের দিকে নজর রাখবেন লিওনেল স্কালোনি।





