আর মাত্র দু’দিন, তারপরই লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে পর্দা উঠবে ৯৫ তম অস্কার আয়োজনের। অনুষ্ঠানের সেই রেড কার্পেটেই সারাবিশ্বের সব নামিদামি তারকাদের সঙ্গে হাঁটবেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। পাশে থাকবেন ছবির পরিচালক এসএস রাজামৌলি এবং সহ-অভিনেতা রাম চরণও।
ইতিমধ্যেই ‘আরআরআর’ টিম উড়ে গেছেন লস অ্যাঞ্জেলসে। তাইতো বিশাল এই অনুষ্ঠানে থাকতে পারার উত্তেজনা চেপে রাখতে পারলেন না এনটিআর।
সোশ্যাল হ্যান্ডেলে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানালেন, শুধুমাত্র ‘আরআরআর’ ছবির সাফল্যের গর্ব নিয়েই তিনি রেড কার্পেটে হাঁটবেন না সেদিন। তার কথায়, “ওই দিন আমরা চলচ্চিত্র জগতের হয়ে নয়, শুধুমাত্র ভারতীয় হিসেবে বুক ফুলিয়ে হাঁটবো। দেশের জন্য গর্ব থাকবে আমার হৃদয়ে। দেশকে হৃদয়ে বহন করব।”
নিজেদের ছবির গান অস্কারে সেরার তালিকায় মনোনীত হওয়ার পর কী অনুভূতি তার? এর জবাবে এনটিআর জানান, “একজন অভিনেতার, একজন পরিচালকের আর কী চাওয়ার থাকতে পারে এটা ছাড়া? ”
এরআগে লস অ্যাঞ্জেলসে পৌঁছেও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ‘আরআরআর’ টিম। বিমানবন্দরে অনুরাগীদের সঙ্গে কথা বলার সময় অভিনেতা বলেন, “আমি তোমাদের তার থেকেও বেশি ভালবাসি, যতটা তোমরা আমাকে ভালোবাসো। যদিও আমাদের কোন রক্তের সম্পর্ক নেই, তবুও তোমরা সবাই আমার ভাই। যে কোন রক্তের সম্পর্কের চেয়ে আমাদের এই সম্পর্ক অনেক বেশি মজবুত। আমি তোমাদের কাছে ঋণী।”
ভারতীয় হিসেবে দীপিকা পাডুকোনও এই প্রথম বার হাঁটবেন অস্কারের রেড কার্পেটে। বিজয়ীদের হাতে তুলে দেবেন পুরস্কার। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা দ্বিতীয় ভারতীয় তারকা যিনি এই সম্মানের অধিকারী হলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া







