বিনোদন

প্রথম ঝলকেই টানটান উত্তেজনা, ‘জিম্মি’ ট্রেলার জুড়ে কিসের ইঙ্গিত?

নারী মাথার উপর থেকে টাকা পড়ে যাচ্ছে, অর্থের গুরুত্ব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী মাথার উপর থেকে টাকা পড়ে যাচ্ছে, অর্থের গুরুত্ব ও অর্থনৈতিক সচেতনতা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অগণিত টাকা মাঝে শুয়ে আছেন রুনা লায়লা। ওই টাকার পেছনে তিনি ছুটছেন। সেই সাথে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারী চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলার জুড়ে।

ঈদ উপলক্ষে ২৮ মার্চ মুক্তির আগে হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে ২২ মার্চ সন্ধ্যা ৭টায় মুক্তি দেওয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’-এর ট্রেলার। যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসান-এর।

সেই সাথে ট্রেইলারে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকের।

‘মহানগর’ ও ‘সাবরিনা’ দিয়েই নির্মাতা আশফাক নিপুন তার মুন্সিয়ানা দেখিয়েছন। এবার আসছেন দর্শককে ‘জিম্মি’ করতে।

ট্রেলার মুক্তির পর নিপুন বলেন, আশা দর্শকরা ট্রেলার পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।

‘রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কেমন লেগেছে এই রকম চরিত্রে অভিনয় করতে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট।

নিপুনের সাথে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ; নিপুন যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেইলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়। বাকিটা এখন আমার দর্শকের উপর, তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে। ‘

সাত নাম্বার ফ্লোর ও গুটি ওয়েব কনটেন্টগুলোতে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়। জিম্মি-তে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন।

জয় বলেন, পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো;  তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মিতে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকেরসহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।

বিষয়:আশফাক নিপুন জয়া আহসান শাহরিয়ার নাজিম জয় হইচই বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…