সান্তিয়াগো জিমিনেজ ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে দারুণ খেলছেন। ২০২৩-২৪ মৌসুমে এপর্যন্ত ২০ গোল করেছেন ২২ বর্ষী ফরোয়ার্ড। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম নিলেও আন্তর্জাতিক পর্যায়ে মেক্সিকোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, মেসির সাথে না খেলে বিপক্ষে খেলাই তার জন্য ভালো মনে করছেন।
২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলের সাথে যোগ না দেয়া নিয়ে সংবাদমাধ্যমে জিমিনেজ বলেছেন, ‘মিথ্যা বলব না, আমি মেসিকে ভালোবাসি। সে মানুষ বটে, ইতিহাসের সেরা, কিন্তু তার বিপক্ষে খেলাই ভালো।’
‘আমি তাকে পছন্দ করি, মনে করি ইতিহাসের সেরা খেলোয়াড় সে, কিন্তু আমি মেসির জন্য কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। আমি এটা করেছি মন থেকে চিন্তা-ভাবনা করে। আমি আমার সিদ্ধান্তের জন্য খুশি।’
জন্মসূত্রে আর্জেন্টাইন জিমিনেজ ছোটবেলায় মেক্সিকোতে পাড়ি জমান। এজন্য আর্জেন্টিনায় যোগ না দেয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চটা দিতে চান।
মেক্সিকোর হয়ে এপর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন, করেছেন ৪ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও আর্সেনাল তাকে পাওয়ার চেষ্টা করছে বলে আলোচনা।








