মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল জেলা শহরের গাইটাল বাস স্ট্যান্ড থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল জানান, মহাখালী এলাকার পরিবহন মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলছে। এর মধ্যে পুরোনো বাস সরবরাহ এবং কাউন্টার বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে সমস্যা আরও বেড়েছে।
আনিসুজ্জামান বাবুল বলেন, “মহাখালীর মালিকেরা আমাদের সঙ্গে বিভিন্নভাবে অসহযোগিতা করছেন। বিভিন্ন লোকের মাধ্যমে তারা পুরোনো গাড়ি দিতে চান। অথচ কিশোরগঞ্জের অন্যান্য পরিবহনে নতুন গাড়ি চলছে। পুরোনো গাড়ি নিতে রাজি না হওয়ায় তারা কাউন্টার বন্ধ করে দেন। কথায় কথায় কাউন্টার বন্ধ করে দেওয়ার কারণে আমরা সমস্যায় পড়ছি। আমরা এই সমস্যার সমাধান চাই। এ কারণে বাস চলাচল বন্ধ রেখেছি।”
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। সমস্যা সমাধানে রোববার দুপুর ১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আলোচনার জন্য ডাকা হয়েছে।
এদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে।






