গত বছরের জুলাই মাসে জাপানে এক ইউটিউবার এমপি নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর হিগাশিতানি সংসদের কোন অধিবেশনে যোগ না দেয়ায় তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। খুব শীঘ্রই তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিবিসির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
জানা যায়, নির্বাচিত হওয়ার পর থেকে সংসদ অধিবেশনে কোনোদিনও যোগ দেননি হিগাশিতানি। ফলে আজ মঙ্গলবার তার সিনেট সহকর্মীরা তাকে বহিষ্কার করার পক্ষে ভোট দিয়েছেন। ক্রমাগত অনুপস্থিতির কারণে সংসদের শৃঙ্খলা কমিটি তাকে এই অব্যাহতি দেয়।
তিনি ইউটিউবে সেলিব্রিটি গসিপ ভিডিওগুলোর জন্য বেশ পরিচিত।
গত সপ্তাহে সংসদ হিগাশিতানিকে তার অনুপস্থিতির কারণে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে বলেছিল। আইনপ্রণেতারা বলেছিলেন, এটি হবে তার শেষ সুযোগ। কিন্তু হিগাশিতানি তখনও উপস্থিত হননি। পরিবর্তে তিনি তার ইউটিউব চ্যানেলে ঘোষণা করেন তিনি তুরস্কে যাচ্ছেন এবং তিনি তার বেতন তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করবেন।
জাপানে ১৯৫০ সাল থেকে মাত্র দু’বার এই বহিষ্কারের ঘটনা ঘটেছে এবং অনুপস্থিতির কারণে একজন এমপিকে বহিষ্কার করার ঘটনা এই প্রথম।







