সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমসের একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ভিডিও। প্র্যাকটিস প্যাডে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, ছোট্ট পুত্র জিবরান আনামকে ড্রামসের খুঁটিনাটি শেখাচ্ছেন তিনি।
ভিডিওতে জেমস নিজ হাতে ছেলেকে ড্রাম স্টিক ধরার কৌশল দেখাচ্ছেন। কীভাবে স্টিক নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে তাল ধরতে হয়, সেটিও বোঝাতে দেখা যায় তাকে। পাশে বসে মনোযোগ দিয়ে বাবার নির্দেশনা অনুসরণ করছে জিবরান। ড্রামসকে যেন খেলনার মতো আনন্দ নিয়ে উপভোগ করছে সে।
মুহূর্তেই ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, ‘এ তো রক্তের সঙ্গে রক্তের টান।’ কেউ লিখেছেন, ‘রকের উত্তরাধিকার যেন তৈরি হয়ে যাচ্ছে।’ আবার আরেক ভক্ত বলছেন, ‘রকস্টারের ছেলে, ড্রামসকেও দেখছে নিজের খেলনা হিসেবে।’
গত বছরের ২২ অক্টোবর বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন জেমস। ২০২৪ সালে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। বিয়ের পর নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেন নামিয়া।
২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।








