চাঁদে বসতি হলে খাবার আসবে কোথা থেকে, আলু চাষে আশার আলো

চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে পারে খাবারের জোগান। পৃথিবী থেকে নিয়মিত খাদ্য পাঠানো ব্যয়বহুল ও জটিল হওয়ায় চাঁদেই খাদ্য উৎপাদনের বিকল্প খুঁজছেন বিজ্ঞানীরা। সেই প্রচেষ্টায় এবার চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদান ব্যবহার করে আলু চাষের পরীক্ষায় সাফল্য পেয়েছেন গবেষকরা।
শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত এ গবেষণায় ‘মডক’ জাতের আলু চাষ করা হয়। পরীক্ষায় চাঁদের মাটির মতো তৈরি কৃত্রিম উপাদানের সঙ্গে বিভিন্ন অনুপাতে জৈব সার মেশানো হয়েছিল।
গবেষণায় দেখা গেছে, কৃত্রিম মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশানো হলে পৃথিবীর স্বাভাবিক মাটির মতোই আলুর ফলন পাওয়া সম্ভব। এতে বোঝা যাচ্ছে, প্রয়োজনীয় জৈব উপাদান ও পুষ্টি সরবরাহ করা গেলে চাঁদের মাটির পরিবেশেও ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, চাঁদের প্রাকৃতিক মাটিতে নাইট্রোজেন ও উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় জৈব উপাদানের ঘাটতি রয়েছে। ফলে সেখানে সরাসরি চাষাবাদ করা কঠিন। তবে জৈব সার প্রয়োগ করে মাটির পুষ্টিগুণ বাড়ানো গেলে ফসল উৎপাদনের উপযোগী পরিবেশ তৈরি করা সম্ভব হতে পারে।
গবেষণাটির নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আইমেরিক গোয়ের বলেন, আলু পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। এতে রয়েছে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ। অল্প জায়গায় তুলনামূলক বেশি খাদ্য উৎপাদন করা যায় বলে চাঁদে বসবাসকারী নভোচারীদের জন্য আলু গুরুত্বপূর্ণ খাদ্য উৎস হয়ে উঠতে পারে।
চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে উঠলে নভোচারীদের খাবারের জন্য পৃথিবীর ওপর নির্ভরশীলতা কমানো জরুরি হয়ে পড়বে। এ ক্ষেত্রে চাঁদেই ফসল উৎপাদনের প্রযুক্তি উন্নয়ন মহাকাশ অভিযানের ব্যয় ও সরবরাহসংক্রান্ত চ্যালেঞ্জ কমাতে ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানীদের সাম্প্রতিক এই পরীক্ষা সেই সম্ভাবনার পথ আরও উন্মুক্ত করল।






