‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’
আন্দ্রে ম্যালরোর ৫০তম প্রয়াণ দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে স্মরণ ও প্রদর্শনী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, ফরাসি লেখক ও বুদ্ধিজীবী আন্দ্রে ম্যালরোর মানবিক ভূমিকা ও অবদান স্মরণ করা হয়েছে ঢাকায়। তার সবচেয়ে বড় শিক্ষা হলো, স্বাধীনতা বিপন্ন হলে এবং মানবিক মর্যাদা লঙ্ঘিত হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ম্যালরোর দৃঢ় সমর্থন ও ভূমিকা স্মরণ করে এ মন্তব্য করেছেন ঢাকায় ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা।
আন্দ্রে ম্যালরোর ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশের ফরাসি দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। তাকে স্মরণে ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় আয়োজন করা হয়েছে ‘ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ)’।
রবিবার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ম্যালরোর সমর্থন, তার বাংলাদেশ সফর এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রপা মজুমদার।
অনুষ্ঠানে ফ্রেদেরিক ইনজা বলেন, ফ্রান্স ও বাংলাদেশের বন্ধুত্ব এবং স্বাধীনতার সংগ্রামে ফ্রান্সের প্রতিশ্রুতির স্থায়ী প্রতীক আন্দ্রে ম্যালরো। ১৯৭১ সালের সেপ্টেম্বরে রেডিওতে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের সমর্থনে একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠনের আহ্বান জানিয়েছিলেন। শুধু সহানুভূতি প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি, বাংলাদেশের পক্ষে সামরিকসেবায় যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
ফ্রেদেরিক ইনজা আরও বলেন, ম্যালরো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দূরবর্তী কোনো রাজনৈতিক বিষয় হিসেবে দেখেননি; বরং এটিকে মানবিক মর্যাদা ও স্বাধীনতার প্রশ্ন হিসেবে বিবেচনা করেছিলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, আন্দ্রে ম্যালরো ছিলেন বিশ শতকের এক বিস্ময়কর ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি একজন মহান বন্ধু হয়ে উঠেছিলেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সফরে এসে তিনি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিল্পী-সাহিত্যিকদের সঙ্গেও মিলিত হন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট ডিগ্রিতে ভূষিত করে।
ম্যালরোর মানবিক দিক তুলে ধরে মফিদুল হক বলেন, তিনি শুধু একজন মহান বুদ্ধিজীবীই ছিলেন না, অত্যন্ত সমবেদনাশীল মানুষও ছিলেন। ফরাসি দূতাবাসের সঙ্গে আলোচনা করে প্রদর্শনীটি চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অর্থোপেডিক সার্জন এম. আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ পরিস্থিতির স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষ নিহত ও আহত হয়েছিলেন। বিপুলসংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। ম্যালরো বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করে শিশু ও বৃদ্ধদের দুর্দশা প্রত্যক্ষ করেছিলেন।
আমজাদ হোসেন বলেন, ম্যালরো তাকে জানিয়েছিলেন, বিভিন্ন শিবিরে গিয়ে তিনি দেখেছেন, সেখানে শিশুরা ও বৃদ্ধরা মারা যাচ্ছে। খাদ্য ও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব দৃশ্য দেখে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে আমজাদ হোসেন আরও বলেন, এটি শুধু একটি গল্প নয়, শত শত ও হাজার হাজার তরুণের জীবনের গল্প।
মুক্তিযুদ্ধ জাদুঘরের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আন্দ্রে ম্যালরো। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’
প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে লেখা এক খোলা চিঠিতে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক, পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেন ম্যালরো। একই সঙ্গে ফ্রান্সের যুবকদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
১৯৭৩ সালের ২১ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করেন আন্দ্রে ম্যালরো। এ সময় তিনি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ভ্রমণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি সোহরাওয়ার্দী হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গেও দেখা করেন।
সেই সফরের একটি আবেগঘন স্মৃতি রয়েছে ফুলের মালা বিনিময়কে ঘিরে। সোহরাওয়ার্দী হাসপাতালে এক আহত মুক্তিযোদ্ধা ম্যালরোর গলায় ফুলের মালা পরিয়ে দেন। জবাবে ম্যালরো নিজের গলার মালাটি ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দেন। কিছুদূর এগিয়ে যাওয়ার পর তিনি দেখতে পান, পঙ্গু ওই মুক্তিযোদ্ধা তার জন্য আরেকটি মালা নিয়ে এসেছেন।
ঘটনাটি স্মরণ করে ম্যালরো লিখেছিলেন, ‘ফ্রান্সের তাৎপর্য এই যে, সে দেশ একজনকে পাঠিয়েছে এইসব আহতদের সঙ্গে হাত মেলানোর জন্য, আর তার বিনিময়ে এই হাতগুলো নিয়ে এসেছে ফুল আর ফুল আর ফুল।’
অনুষ্ঠান শেষে ১৯৭৩ সালে সোহরাওয়ার্দী হাসপাতালে আন্দ্রে ম্যালরোর সঙ্গে ফুলের মালা বিনিময় করা সেই আহত মুক্তিযোদ্ধার পরিচয় অনুসন্ধানের আহ্বান জানায় মুক্তিযুদ্ধ জাদুঘর। এ বিষয়ে সাংবাদিকদের অনুসন্ধান ও প্রতিবেদন প্রকাশের অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।





