অর্থনীতি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বাড়ার সাথে সাথে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি দীর্ঘদিনের। সেই দাবি ঘিরে আজ ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নতুন মজুরির প্রস্তাব দেবে মালিকপক্ষ। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার প্রস্তাবের পর মালিকপক্ষের প্রস্তাবের দিকেই এখন তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সবাই।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৩ নভেম্বর তৃতীয় সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

এছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

বিষয়:তৃতীয় সভা ন্যূনতম মজুরি বোর্ড পোশাকশ্রমিক সভা আজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…