ইউরো চ্যাম্পিয়নশিপে গড়াল শেষ ষোলোর নকআউট পর্বের লড়াই। কোনো রকমে গ্রুপপর্বে উতরে যাওয়া ইতালির শেষ রক্ষা হল না। সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হল সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে সুইসবাহিনী।
জার্মানির অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে শনিবার রাতে ইতালিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে ইতালি এগিয়ে থাকলেও শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
ম্যাচে ৪৯ শতাংশ বল ছিল সুইজারল্যান্ডের দখলে। ১৬টি শট নিয়েছে তারা, লক্ষ্যে রাখতে পেরেছে ৪টি। শুরুতে গোল করে এগিয়ে যাওয়া সুইজারল্যান্ড রক্ষণাত্মক ফুটবল খেলেছে। অন্যদিকে বল দখলে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে পারলেও জালের দেখা পায়নি ইতালি। ১০ শটের মধ্যে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে।
ম্যাচের শুরু থেকে ইতালিকে চাপে রাখে প্রতিবেশী দেশ সুইজারল্যান্ড। ফল আসে দ্রুতই। সুইজারল্যান্ডের সফলতা আসে ৩৭ মিনিটে। রুবেন ভার্গাসের সহযোগিতায় বল পেয়ে বাঁ-পায়ের কোণাকুনি শটে জাল খুঁজে নেন রেমো ফ্রেউলার। ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।
এগিয়ে যাওয়ার মিনিট দশেকের মধ্যে প্রতিপক্ষের জালে বল পাঠান রুবেন। সুইস মিডফিল্ডার মিশেল অ্যাবিশারের থেকে বল পেয়ে জালে পাঠান ২৫ বছর বয়সী রুবেন।
বিরতির পর বেশ কয়েকবার আক্রমণে গেলেও জালের দেখা পায়নি দুদলের কেউই। শেষপর্যন্ত ইতালিকে হতাশায় ডুবিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।







